বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

রাজারামপুরে ধানের শীষের প্রার্থী পিনাকের ব্যাপক গণসংযোগ ও পথসভা

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৫৯ পিএম

রাজারামপুরে ধানের শীষের প্রার্থী পিনাকের ব্যাপক গণসংযোগ ও পথসভা

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।

বিকেলে রাজারামপুর ইউনিয়নের কানাইবাড়ী দারুস সুন্নাহ হাফেজীয়া ইসলামিয়া মাদরাসা মাঠে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী। 

সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস প্রমুখ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।পথসভা শেষে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ইউনিয়নের গোফরাইল, দুপ্তইড়, খোঁজাপুর, মাগুড়াবান্দ, কানাইবাড়ী, হাসিলা, আজিমপুর, রাজারামপুর, ছেতেরা বাজার ও গড়বাড়ীসহ বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান।

 

গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।