ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৪৯ পিএম
দিনাজপুর পৌরসভা কর্তৃক গৃহীত ইজিবাইক সংক্রান্ত একটি সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন চালকরা। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরজুড়ে এই কর্মসূচি পালন করা হয়।ধর্মঘট চলাকালীন বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়কে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—পৌরসভার বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার, ব্যাটারিচালিত ইজিবাইক ও সমজাতীয় থ্রি-হুইলারগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, দ্রুত নিবন্ধন প্রদান, রুট পারমিট নিশ্চিত করা এবং বিআরটিএ (BRTA) কর্তৃক চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা।
‘সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’ এবং ‘রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’ দিনাজপুর জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব জনক রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য সচিব (বাসদ) আব্দুল্লাহ আল মুহিত এবং অটো রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মাহাবুর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা জড়িত এমন একটি বিষয়ে কোনো আলোচনা ছাড়াই পৌরসভা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন