বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে অটো ছিনতাইকালে এক ছিনতাইকারীকে ধরল জনতা

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৪২ পিএম

দিনাজপুরে অটো ছিনতাইকালে এক ছিনতাইকারীকে ধরল জনতা

ছিনতাইকারীকে আটক:দিনাজপুর টিভি ছবি

দিনাজপুর শহরের কোতোয়ালি থানা সংলগ্ন মাদার কেয়ার প্রাইভেট ক্লিনিক এলাকায় অটো ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের এক সদস্য শহরের থানা মোড় এলাকা থেকে একটি অটো ভাড়া করে মাদার কেয়ার ক্লিনিকের বাউন্ডারির ভেতরে নিয়ে যায়। 

সেখানে কৌশলে অটোচালককে নেশাজাতীয় ওষুধ মেশানো পানীয় খাইয়ে অচৈতন্য করার চেষ্টা করা হয়। চালক কিছুটা অসুস্থ বোধ করলে এবং ছিনতাইকারীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত ওই ছিনতাইকারীকে ঘিরে ফেলেন।

খবর পেয়ে দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির জেলা সাধারণ সম্পাদক তপু এবং সাধারণ চালকরা ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে আটক করেন। পরে তাকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

অন্যদিকে, নেশাজাতীয় দ্রব্যের প্রভাবে অসুস্থ হয়ে পড়া অটোচালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

অটোচালকের পরিচয় নিশ্চিত করতে এবং তাঁর পরিবারের সদস্যদের দিনাজপুর কোতোয়ালি থানায় দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় ইজিবাইক মালিক-শ্রমিক সমিতি।শহরের প্রাণকেন্দ্রে দিনের আলোতে এমন দুঃসাহসিক ছিনতাই প্রচেষ্টার বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান।