বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হিলিতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৬, ১০:২৮ পিএম

হিলিতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মাদক উদ্ধার

বিজিবির জব্দকৃত মাদক।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ মার্চ) ভোররাতে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিলি সিপি বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির নিজস্ব গোয়েন্দা শাখা আরআইবি ও এসআইপি-এর তথ্যের ওপর ভিত্তি করে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। 

সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই কার্যক্রম পরিচালিত হয়।অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকভর্তি ব্যাগগুলো ফেলে পালিয়ে যায়। 

ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাগগুলো তল্লাশি করে ১০০ পিস ভারতীয় ইস্কাফ সিরাপ, ১২৩ পিস ফেন্সিডিল, ৪ হাজার পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট এবং ৩ হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। বিজিবির হিসাব মতে, জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। 

এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।