বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

শিশুকে ধ‍‍`র্ষ‍‍`ণের চেষ্টার অভিযোগে, বৃদ্ধ আটক

এনামুল মবিন(সবুজ)

এপ্রিল ৮, ২০২৬, ০৯:৩৬ পিএম

শিশুকে ধ‍‍`র্ষ‍‍`ণের চেষ্টার অভিযোগে, বৃদ্ধ আটক

থানা পুলিশের হাতে অভিযুক্ত আটক ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি উপজেলার ইসবপুর ইউনিয়নের উত্তর নওখৈড় এলাকায় ঘটেছে। অভিযুক্তের নাম সহির উদ্দিন (৭০), যিনি সম্পর্কে ওই শিশুর প্রতিবেশী দাদা হন।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উত্তর নওখৈড় এলাকায় নিজের বাড়িতে একা ছিলেন সহির উদ্দিন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি প্রতিবেশী ওই শিশুকে কৌশলে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। 

ঘটনার সময় শিশুটি আতঙ্কিত হয়ে পড়লেও পরে নিজের বাড়িতে ফিরে তার দাদা ও দাদিকে বিস্তারিত খুলে বলে। এরপরই বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়েই জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করেন। তারা বাড়িতে না থাকায় শিশুটির দাদি বাদি হয়ে মঙ্গলবার রাতেই চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাবের নেতৃত্বে পুলিশের একটি দল ওই রাতেই অভিযান পরিচালনা করে। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত বৃদ্ধ সহির উদ্দিনকে তার এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের এই তড়িৎ পদক্ষেপ স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, শিশুটির দাদির দায়ের করা এজাহারের ভিত্তিতে রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অন্যদিকে আটককৃত বৃদ্ধকে বুধবার আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। মামলার তদন্ত কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। বর্তমানে এলাকায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে এবং সাধারণ মানুষ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।