বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে অসহায়দের নগদ অর্থ ও কৃষকদের বীজ প্রদান

আতিউর রহমান

এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৪৭ পিএম

বিরলে অসহায়দের নগদ অর্থ ও কৃষকদের বীজ প্রদান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ এবং কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়। 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪৪১ জন অসহায় ও অসুস্থ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি উপজেলার ১ হাজার ৫০ জন কৃষকের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দেওয়া হয়।

বিরল উপজেলা প্রশাসনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

 বিতরণের সময় তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের এই সময়ে কোনো মানুষ যেন অর্থসংকটে না থাকে, তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার। 

কৃষি কর্মকর্তা তাঁর বক্তব্যে জানান, আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উন্নত মানের বীজ ও পর্যাপ্ত সার প্রদান করা হয়েছে। এই সহায়তার ফলে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা অনেক উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম। 

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজুল ইসলাম।আর্থিক সহায়তা পাওয়া একাধিক ব্যক্তি জানান, ঈদের আগে এই নগদ টাকা তাদের পরিবারের কেনাকাটায় বড় ধরণের সাহায্য করবে। অন্যদিকে কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

তারা বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের যে দাম, তাতে এই ধরণের প্রণোদনা আবাদ চালিয়ে যেতে তাদের সাহস জোগাবে। স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, প্রান্তিক পর্যায়ে সরকারের এই সেবামূলক কার্যক্রম বিরল উপজেলার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিকেল নাগাদ উপজেলার প্রতিটি ইউনিয়নের তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই সাহায্য বিতরণ প্রক্রিয়া শেষ হয়।