বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে ভূমি অধিকার ও কৃষি সংস্কার বিষয়ে মতবিনিময় সভা

আতিউর রহমান

এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৫৮ পিএম

বিরলে ভূমি অধিকার ও কৃষি সংস্কার বিষয়ে মতবিনিময় সভা

বিরলে মতবিনিময় সভা -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে ভূমিহীন পরিবারের অধিকার প্রতিষ্ঠা ও সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহিষ্ণু কৃষি বিষয়ক এই সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন স্থানীয় ভূমিহীন নেতারা।জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক। 

তিনি তার বক্তব্যে ভূমিহীনদের অধিকার রক্ষায় প্রশাসনের স্বচ্ছতা ও সহযোগিতার আশ্বাস দেন। সভার প্রধান বক্তা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস সরকারি নিয়ম অনুযায়ী কৃষি খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়া সহজতর করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আজাহার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য মুসলিম হক এবং সাধারণ সদস্য বেলাল হোসেন।বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে এবং ভূমিহীনদের ভাগ্য উন্নয়নে প্রকৃত কৃষকদের মাঝে খাস জমি বণ্টন করা অপরিহার্য। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু সহিষ্ণু কৃষি পদ্ধতির প্রসারে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। 

সভায় জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান লুৎফর রহমানসহ বালাডাঙ্গী, দারইল, রাজারামপুর ও মাধববাটি জনসংগঠনের স্থানীয় নেতারাও তাদের দাবি ও মতামত তুলে ধরেন।সিডিএ-এর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামান পুরো সভাটি সঞ্চালনা করেন। সভায় সাংবাদিকদের পক্ষ থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা ও তা নিরসনে প্রচারণার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। ভূমিহীন পরিবারের মাঝে জমি বরাদ্দের এই প্রক্রিয়া ত্বরান্বিত হলে বিরলের কয়েকশ ভূমিহীন পরিবার একটি স্থায়ী ঠিকানা ও আয়ের পথ খুঁজে পাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।