বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর এর আয়োজনে মে দিবস পালিত

মোঃ ইউসুফ আলী

মে ২, ২০২৬, ১০:৩০ এএম

দিনাজপুর জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর এর  আয়োজনে মে দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।সকালে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। 

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে দিনাজপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা নিজ নিজ ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।

শ্রমিক দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে— "সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত"। র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো. ওসমান গনি।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মালিক প্রতিনিধিদের পক্ষে সভায় বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন ও মনজুরুল ইসলাম মঞ্জু। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্রাংকলরী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদা এবং জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. হারুন উর রশীদ। আলোচনা সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় মালিক ও শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসনের পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।