মে ২০, ২০২৬, ১১:১৬ এএম
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” স্লোগান নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন হয়েছে। আজ বুধবার সকালে স্টেশন অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের হয়।র্যালিটি স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অগ্নি নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির নানা বার্তা তুলে ধরা হয় সেখানে।
পুনরায় অনুষ্ঠানস্থলে এসে এই পদযাত্রা শেষ হয়।এরপর অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জামের প্রদর্শনী করেন ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত এসব যন্ত্রপাতি সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে বাস্তব ধারণা দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত পদক্ষেপ নিতে হবে সেটিও হাতেকলমে শেখানো হয় এই আয়োজনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমা খাতুন। তিনি বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যেকোনো দুর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় ফায়ার সার্ভিস। সাধারণ জনগণকে তিনি অগ্নি দুর্ঘটনা এড়াতে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান।আয়োজনে বিশেষ অংশ নেন লিডার মো. হারুনুর রশিদ। তাকে ছাড়াও ফায়ার সার্ভিসের আরও ২৭ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন