বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের বিরলে রেললাইনের ধার থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

সুবল রায়

জুলাই ৯, ২০২৬, ০১:৩১ পিএম

দিনাজপুরের বিরলে রেললাইনের ধার থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

দিনাজপুরের বিরলে রেললাইনের ধার থেকে বাহিরু (৫৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাহিরু ওই গ্রামেরই মৃত ধরণীর পুত্র।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরু পেশায় একজন দিনমজুর। বুধবার (৮ জুলাই) কাজ শেষে সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। 

রাতের খাবার শেষে পুনরায় বাড়ি থেকে বের হয়ে যান তিনি। রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাদরুনিয়া গ্রামের রেললাইনের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিহতের ছেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। রেললাইনের পাশে এভাবে দিনমজুরের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।