জুলাই ১৩, ২০২৬, ০৪:৪৮ পিএম
দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসনের ত্রৈমাসিক প্রকাশনা `বিরোলিয়া`র মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন প্রকাশনার যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম সভাপতিত্ব করেন।উপজেলা নির্বাহী অফিসারের সম্পাদনা ও প্রকাশনায় এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই ত্রৈমাসিক প্রকাশনাটি প্রকাশিত হলো।
মূলত বিরল উপজেলার দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে এই প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় পৃষ্ঠার এই প্রকাশনায় মোট ১৪টি নিবন্ধ স্থান পেয়েছে, যেখানে উপজেলার নানা বৈচিত্র্যময় তথ্য তুলে ধরা হয়েছে। প্রকাশনাটির তথ্য সংকলনের দায়িত্ব পালন করেছেন উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ আনিছুর রহমান এবং মুদ্রণ ও অলংকরণের দায়িত্বে ছিল ঢাকার ফকিরাপুলের হেরিটেজ প্রিন্টার্স। মোড়ক উন্মোচন শেষে উপস্থিত অতিথিরা কেক কেটে এই নতুন উদ্যোগকে স্বাগত জানান।
মোড়ক উন্মোচনের আগে উপজেলা পরিষদের নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা সভা, মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিটি এবং শিশু ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিক সভাগুলোতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, ওসি তদন্ত মোঃ আনিছুর রহমান সরকার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লা, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায় উপস্থিত ছিলেন। এছাড়াও বোর্ডহাট কলেজের প্রভাষক বিধান কুমার দত্ত, রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ভান্ডারা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খোকন এবং বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন