সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:৩১ পিএম
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিদ্যমান মূল্যহার বহাল রেখে পরবর্তী মাসের দাম সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে। ফলে বৃহস্পতিবার থেকে আগের নির্ধারিত দামেই সব ধরনের জ্বালানি তেল বিক্রি হবে।
ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি বহাল থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ২০ সেপ্টেম্বরের নির্ধারিত মূল্যহার অক্টোবর মাসের জন্য বহাল রাখা হলো।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দর ও জাহাজভাড়া বাড়ার কারণে ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও সরকার দীর্ঘদিন লোকসান গুনে অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ায়নি। মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন