শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:২৩ পিএম

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। একইসঙ্গে সম্প্রতি বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা ৪৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের কারণ: ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, তার পদত্যাগের সিদ্ধান্তটি একান্তই ব্যক্তিগত এবং কারো প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নয়। তিনি বলেন, "শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন, আমি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"

কান ধরে ওঠবস ও ক্ষমা প্রার্থনা: সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে তাদের কান ধরে ওঠবস করান সর্বমিত্র। এ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করেন।

পোস্টে তিনি লিখেন, "প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে ওঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি— এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।"

নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সর্বমিত্র চাকমা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি বহিরাগতদের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে নিয়মিত নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও সাইকেল চুরির মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, "প্রশাসনকে বারবার অবগত করা সত্ত্বেও সিসি ক্যামেরা স্থাপন বা নিরাপত্তা জোরদারে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের দীর্ঘস্থায়ী নীরবতাই পরিস্থিতিকে জটিল করে তুলেছে।"