সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৮:০২ পিএম

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আসন্ন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ শুক্রবার ১০ এপ্রিল শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

 প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কেন্দ্র কোড নম্বর, সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোডসহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

বোর্ড কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পরীক্ষার সুষ্ঠু পরিচালনার স্বার্থে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছ থেকে নির্ধারিত কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্র এবং অন্যান্য গোপনীয় ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে সরাসরি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। 

পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যাবতীয় নিয়মাবলী ও গোপনীয়তা কঠোরভাবে পালনের জন্য সকল কেন্দ্র প্রধানকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।লজিস্টিক সহায়তার বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে যে প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর ওএমআর শিটের প্রথম অংশ ওই দিন সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইভাবে অন্যান্য উত্তরপত্রগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর ব্যবস্থা করতে হবে। 

যেসব ভেন্যু কেন্দ্র রয়েছে তারা মূল কেন্দ্র থেকে নথিপত্র ও প্রয়োজনীয় অর্থ গ্রহণ করে পরীক্ষা সম্পন্ন করবে এবং পরবর্তীতে মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাবতীয় কাগজপত্র জমা দেবে। পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্র ও আসনবিন্যাস দেখে নিতে পারবেন।