শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

এসএসসি পরীক্ষা ২০২৬ নীতিমালা প্রকাশ করল শিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ১১:৪২ এএম

এসএসসি পরীক্ষা ২০২৬ নীতিমালা প্রকাশ করল শিক্ষা বোর্ড

এসএসসি পরীক্ষার নতুন নিয়ম

আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে সম্প্রতি বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা কর্তৃপক্ষ। ২০২৬ সালের এই নতুন নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, শিক্ষকদের দায়িত্ব, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা এবং নকল রোধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এই নির্দেশনায় বলা হয়েছে যে, প্রতিটি কক্ষে দায়িত্বরত শিক্ষকদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন পরীক্ষার্থীরা তাদের সঠিক বিষয় কোড অনুযায়ী উপস্থিতি পত্রে স্বাক্ষর করে। 

কোনো পরীক্ষার্থী যদি কোনো বিশেষ বিষয়ে অনুপস্থিত থাকে কিংবা অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কৃত হয়, তবে স্বাক্ষরলিপিতে সংশ্লিষ্ট বিষয়ের ঘরে লাল কালি দিয়ে তা লিখে দিতে হবে। এ ক্ষেত্রে কক্ষ প্রত্যবেক্ষকদের কোনো ভুলের কারণে যদি কোনো শিক্ষার্থীর ফলাফল প্রকাশে বিঘ্ন ঘটে, তবে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় জানানো হয়েছে যে, পরীক্ষার চলাকালীন কেউ নিজের আসন ত্যাগ করতে পারবে না। কোনো শিক্ষার্থীর যদি শিক্ষকের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসার প্রয়োজন হয়, তবে তাকে নিজের আসনেই দাঁড়িয়ে থাকতে হবে এবং শিক্ষক কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ছাড়া নীতিমালায় আরও বলা হয়েছে যে, কোনো বহিষ্কৃত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না।

শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও এবার বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। হল সুপারের বিশেষ অনুমতি ছাড়া কোনো কক্ষ প্রত্যবেক্ষক তার নির্ধারিত কক্ষ ত্যাগ করতে পারবেন না। দায়িত্বরত অবস্থায় শিক্ষকদের এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না যা শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বিঘ্ন ঘটায়। এমনকি পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় নির্দেশনাবলি ছাড়া শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীরা পরীক্ষার্থীদের সাথে অন্য কোনো বিষয়ে কথা বলতে বা যোগাযোগ করতে পারবেন না।

পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিটি উত্তরপত্র সংগ্রহ করা এবং সেগুলো স্বাক্ষরপত্রের সাথে মিলিয়ে দেখার দায়িত্ব শিক্ষকদের ওপর ন্যস্ত করা হয়েছে। কোনো শিক্ষার্থী যেন উত্তরপত্র জমা না দিয়ে ডেস্কে ফেলে রেখে চলে না যায়, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই পূর্ণাঙ্গ নীতিমালাটি আপলোড করা হয়েছে, যেখান থেকে সংশ্লিষ্ট সকলে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কঠোর নীতিমালার ফলে পরীক্ষায় স্বচ্ছতা বাড়বে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।