মে ৩, ২০২৬, ০৭:২১ পিএম
কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কওমি শিক্ষাকে এসএসসি ও এইচএসসির মতো সাধারণ শিক্ষার সমপর্যায়ে আনতে মাদ্রাসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে মূলধারার শিক্ষার সমান মর্যাদা পায়, সেই লক্ষ্যেই নীতিমালা তৈরির কাজ চলছে।
এ ছাড়া জিপিএ পাওয়ার অস্থির প্রতিযোগিতা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বের করে আনতে জেলা প্রশাসকরা সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।এ সময় দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, ডিসিরা সেশনে জানিয়েছেন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলাধুলার মাঠ ও পরীক্ষা দেওয়ার হল নেই। এই সমস্যা সমাধানে সরকার প্রতিটি উপজেলায় বহুমুখী ব্যবহারযোগ্য পরীক্ষা হল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে।এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষার্থীরা এখন শুধু ক্লাসরুম নয়, বরং আনন্দঘন স্কুল চায়। প্রধানমন্ত্রীর দেওয়া ‘লার্নিং উইথ জয়’ এজেন্ডা বাস্তবায়নে কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। সেশনে ডিসিরা মিড ডে মিল চালু করার প্রস্তাব দিয়েছেন, যা সরকারের এজেন্ডার মধ্যে রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ১৮০ দিনের এই সময়ের মধ্যে ২৯টি প্রকল্পের কাজ চলছে। এগুলো সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ডিসিদের প্রতিটি প্রস্তাবকে চমৎকার হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিগত দিনেও এই প্রস্তাবগুলো করা হয়েছিল কিন্তু সেগুলো বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আগেই এই শিক্ষা এজেন্ডাগুলো নিজেদের পরিকল্পনায় রেখেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন