আগস্ট ১, ২০২৬, ১১:২৫ পিএম
দেশের কওমি মাদ্রাসাভিত্তিক বিশিষ্ট তথ্যভাণ্ডার কওমিপিডিয়া দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী আলেমের একটি নতুন ও গুরুত্বপূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি একজন প্রখ্যাত ইসলামি পণ্ডিত, বক্তা ও রাজনীতিবিদ হিসেবে কওমি অঙ্গন এবং দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তালিকার শীর্ষে রয়েছে মাওলানা মামুনুল হকের নাম।প্রকাশিত তালিকা অনুসারে, দেশের শীর্ষ প্রভাবশালী আলেমদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়া ও সর্ববৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি এবং জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তৃতীয় স্থানে অবস্থান করছেন হেফাজতে ইসলামের বর্তমান আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি একজন প্রখ্যাত দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ এবং আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক।তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি দেশের একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত।
এছাড়া পঞ্চম স্থানে স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামি পণ্ডিত ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি অতীতে বিভিন্ন কওমি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।কওমিপিডিয়া কর্তৃক প্রকাশিত এই প্রভাবশালী আলেমদের তালিকা দেশের ধর্মীয় অঙ্গনে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন