বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পিতা-মাতার অধিকার রক্ষায় কঠোর আইনের দাবি রুমিন ফারহানার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:৩০ পিএম

পিতা-মাতার অধিকার রক্ষায় কঠোর আইনের দাবি রুমিন ফারহানার

ছবি : সংগৃহীত

পিতা-মাতার স্থাবর সম্পত্তি কৌশলে বা জোরপূর্বক লিখে নিয়ে পরবর্তীতে তাঁদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার নির্মম সামাজিক বাস্তবতার বিরুদ্ধে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার রাতে সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের নির্দেশনা তুলে ধরে তিনি পিতা-মাতার অধিকার সংরক্ষণে কঠোর আইনি সুরক্ষার দাবি জানান। 

প্রবীণ মা-বাবার সামগ্রিক নিরাপত্তা ও ভরণপোষণ নিশ্চিতে ২০১৩ সালের আইনের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি চার দফা সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। সন্তানদের অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর সুরক্ষাকবচ নিশ্চিতের তাগিদ দেন তিনি। বক্তব্যে তিনি প্রথম প্রস্তাবে উল্লেখ করেন যে সন্তান ভরণপোষণে ব্যর্থ বা অবহেলা করলে দাতার দানপত্র একতরফা বাতিলের আইনি অধিকার থাকতে হবে। 

দ্বিতীয়ত, প্রবীণ পিতা-মাতাকে পারিবারিক আদালতের মাধ্যমে রেজিস্ট্রি দলিল বাতিলের সরাসরি ক্ষমতা দিতে হবে। তৃতীয় প্রস্তাবে তিনি মা-বাবার লিখিত অনুমতি ছাড়া তাঁদের সম্পত্তিতে ব্যাংক ঋণ গ্রহণ বা কোনো ধরনের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি জেলা জজের আদালতের দীর্ঘসূত্রতা পরিহার করে পারিবারিক আদালতের মাধ্যমে ষাট থেকে নব্বই কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার বা সামারি ট্রায়ালের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

কোরআনের নির্দেশ অনুযায়ী বার্ধক্যে উপনীত পিতা-মাতার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। আইনমন্ত্রী এই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিদ্যমান আইন সংশোধনে উদ্যোগ নেবেন বলে তিনি জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন।