মে ১৯, ২০২৬, ০২:২০ পিএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এক আবাসিক শিক্ষার্থীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন বহিরাগত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ সকালে হলের ৩১২ নম্বর কক্ষে এই চুরির ঘটনা ঘটে।
চুরির শিকার মো. মোস্তাকিম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থী।হল সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে চুরির এই ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে যে সকালে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা এক বহিরাগত ব্যক্তি ছাত্র হলে প্রবেশ করেন।
তার পরনে ছিল খাকি রঙের প্যান্ট ও টি-শার্ট। ফুটেজে ওই ব্যক্তিকে শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করে বেশ কিছু সময় অবস্থান করতে দেখা গেছে।সকালে ঘুমানোর আগে মোবাইল ফোনটি নিজের মাথার পাশেই রেখেছিলেন বলে ভুক্তভোগী শিক্ষার্থী জানান।
ঘুম থেকে উঠে তিনি ফোনটি আর পাননি এবং অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি। আবাসিক হলে বহিরাগতদের এভাবে প্রবেশ এবং চুরির ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা হলের নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন