মে ২০, ২০২৬, ১১:২৯ পিএম
উপাচার্য বিরোধী টানা আন্দোলন এবং পরবর্তী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস এখন জনশূন্য। বুধবার দিনের বিভিন্ন সময়ে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন। ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি এখন আর চোখে পড়ছে না।
গত ১৪ মে থেকে শুরু হওয়া এই আন্দোলনের কারণে ডুয়েটে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছে।টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কারণে একাডেমিক কার্যক্রম আগে থেকেই বন্ধ ছিল। তবে অফিস কার্যক্রম ২২ মে পর্যন্ত চলমান থাকার কথা ছিল।
ক্রমে জটিল আকার ধারণ করায় গত ১৭ মে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর ১৯ মে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন।অনিশ্চিত পরিস্থিতির মুখে গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই ক্যাম্পাস ত্যাগের হিড়িক পড়ে যায়।
পরদিন বুধবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোনো ধরনের উপস্থিতি দেখা যায়নি। অধিকাংশ শিক্ষার্থী আগের রাতেই হল ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ক্যাম্পাসে বর্তমানে অত্যন্ত সীমিত পরিসরে অফিস কার্যক্রম চলছে। এদিকে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো গোপন বৈঠক হয়েছে কি না, তা নিয়ে ক্যাম্পাসে নানা গুঞ্জন ছড়ালেও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন