বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভূমিকম্পের সময় নিজেকে নিরাপদ রাখার কার্যকর উপায়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ১০:০২ পিএম

ভূমিকম্পের সময় নিজেকে নিরাপদ রাখার কার্যকর উপায়

Ai - ছবি

ভূমিকম্পের সময় মাটি কাঁপতে শুরু করলে পরবর্তী পদক্ষেপগুলো নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঘরকে ভূমিকম্প সহনশীল করে তোলা এবং জরুরি প্রয়োজনে টিকে থাকার সরঞ্জাম প্রস্তুত রাখা থেকে শুরু করে কম্পনের সময় ও পরে নিজেকে সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় রয়েছে।প্রস্তুতি শুরু হওয়া উচিত মাটি কেঁপে ওঠার আগেই।

চারপাশে তাকিয়ে এমন সব জিনিসপত্র চিহ্নিত করুন যা কম্পনের সময় বিপজ্জনক হতে পারে। বুকশেলফ ও কেবিনেটের মতো উঁচু আসবাবপত্র দেয়ালের সাথে ভালোভাবে আটকে রাখুন। ভারী এবং সহজে ভেঙে যেতে পারে এমন জিনিসপত্র নিচের তাকে রাখুন। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ নিরাপদে বন্ধ করা শিখে নেওয়া এবং মেইন কন্ট্রোল কোথায় আছে তা জেনে রাখা জরুরি।

জরুরি সামগ্রীর একটি ব্যাগ বা সারভাইভাল কিট হাতে রাখা বুদ্ধিমানের কাজ। ভূমিকম্পের পর বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হতে পারে। জরুরি কিটে খাবার পানি, সহজে নষ্ট হয় না এমন খাবার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, হুইসেল এবং প্রয়োজনীয় ওষুধপত্র রাখা উচিত। এর পাশাপাশি পাওয়ার ব্যাংক ও নগদ অর্থ সঙ্গে রাখুন।

কম্পন শুরু হলে ঘরের ভেতরে থাকলে না থামা পর্যন্ত ভেতরেই থাকুন। ভবন কাঁপার সময় দৌড়ে বাইরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিয়ে মাথা ও ঘাড় রক্ষা করতে হবে। কম্পন সম্পূর্ণ না থামা পর্যন্ত আশ্রয়স্থল শক্ত করে ধরে রাখতে হবে।

গাড়িতে থাকলে সেতু বা বৈদ্যুতিক লাইন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামান। খোলা জায়গায় থাকলে ভবন ও গাছপালা থেকে দূরে সরে যান। কম্পন থেমে যাওয়ার পর আঘাত বা গ্যাস লিক হয়েছে কিনা তা যাচাই করে দেখুন। পরাঘাত বা আফটারশকের ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করতে হবে।