মে ১৯, ২০২৬, ০২:০৫ পিএম
দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সব সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ, দ্রুত ভর্তি নিশ্চিত করা এবং আইসোলেশন ব্যবস্থাপনা জোরদারের কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা এখন থেকে বাধ্যতামূলক।
কোনো হাসপাতাল থেকে আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না। হাসপাতালে আসা মাত্রই তাদের দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিশেষ আইসোলেশন ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক নিয়োজিত রাখতে হবে।
ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগী পরিদর্শনে যেতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে ভর্তিকৃত প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবেন। এ ছাড়া প্রতিদিনের রোগীর তথ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে আপলোড করার পাশাপাশি জরুরি সহায়তার জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন