বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভারতে নতুন স্মার্টফোনে সরকারি সাইবার সেফটি অ্যাপ ইনস্টল করার নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৩:১২ পিএম

ভারতে নতুন স্মার্টফোনে সরকারি সাইবার সেফটি অ্যাপ ইনস্টল করার নির্দেশ

নতুন সব স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার সুরক্ষা অ্যাপ ইনস্টল করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও নকল মোবাইল ডিভাইসের ব্যবহার ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর কাছে সরাসরি এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং ৯০ দিনের মধ্যে তা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সরকারি অ্যাপটির নাম ‘সঞ্চার সাথী’। সরকারের দাবি, ফোনের বৈধতা যাচাই ও টেলিকম প্রতারণা নিয়ন্ত্রণে এই অ্যাপ প্রয়োজন। এর একাধিক সুবিধা রয়েছে:

ফোনের আইএমইআই নম্বর যাচাই।

হারানো বা চুরি হওয়া ফোন রিপোর্ট করা।

প্রতারণামূলক যোগাযোগ শনাক্ত করা।

নতুন নিয়ম অনুযায়ী, ফোন সেটআপের সময় থেকেই অ্যাপটি স্পষ্টভাবে দেখা যাবে এবং ব্যবহারকারী চাইলেও এটি বন্ধও করতে পারবেন না।প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে।

কারণ বেশির ভাগ কোম্পানি, বিশেষ করে অ্যাপল, সরকারি বা থার্ড-পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করতে দেয় না। রয়টার্স জানিয়েছে, অ্যাপল ইতোমধ্যে এই নির্দেশনায় অনীহা প্রকাশ করেছে।সরকারি তথ্যে বলা হয়েছে, সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৭ লাখের বেশি হারানো ফোন উদ্ধার সম্ভব হয়েছে।