শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১১:৪৬ এএম

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ভেনেজুয়েলার জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। সামাজিকমাধ্যমে শেয়ার করা এক অডিও বার্তায় তিনি এই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ডাক দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে গুয়েরা বলেন, ‘আপনি শিগগিরই আমাদের রাস্তায় দেখতে পাবেন।

আপনি আমাদের জনগণের পাশে দেখতে পাবেন এবং আমাদের মর্যাদার পতাকা উড়তে দেখবেন।তিনি জোর দিয়ে বলেন ভেনেজুয়েলার সাবেক ক্যারিশম্যাটিক নেতা হুগো শ্যাভেজের প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদ বিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন কোনোভাবেই দমে যাবে না।

শনিবার গভীর রাতে মার্কিন বাহিনীর অভিযানে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বৃত্তের কেউ বিশ্বাসঘাতকতা করেছে বলে জোর জল্পনা ছড়িয়েছে। এই প্রসঙ্গে গুয়েরা বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল, ইতিহাস শিগগিরই তা প্রকাশ করবে।’ উল্লেখ্য, মাদুরো ও তাঁর স্ত্রী ফ্লোরেস বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন এবং সোমবার তাঁদের আদালতে তোলার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিকোলাস মাদুরো গুয়েরার বিরুদ্ধেও মাদক সন্ত্রাসবাদ’ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে তাকে এখনও আটক করা হয়নি। অডিও বার্তায় তিনি বলেন ‘তারা আমাদের দুর্বল করতে চায় কিন্তু আমরা দুর্বলতা দেখাব না।

এদিকে রোবববার থেকেই কারাকাসের রাস্তায় মাদুরো সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। তারা ক্ষমতাচ্যুত নেতার পোস্টার ও জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। ভেনেজুয়েলায় এই মার্কিন হামলায় কিউবার ৩২ নাগরিক নিহত হওয়ার খবরও আন্তর্জাতিক রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।