জানুয়ারি ৫, ২০২৬, ০২:৫১ পিএম
মার্কিন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত ও বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির লক্ষ্যে একটি বিশেষ কমিশন গঠন করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। রোববার (৪ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ঘোষণা দেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাদুরোর মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হয়েছে। ডেলসি রদ্রিগেজ কমিশনের সহ-সভাপতি হিসেবে তার ভাই ও জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ এবং পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলকে মনোনীত করেছেন।
এছাড়া তথ্যমন্ত্রী ফ্রেডি নানেজকেও এই কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রাখা হয়েছে।গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার বিরুদ্ধে ‘মাদক পাচার’ ও ‘মাদক সন্ত্রাসবাদের’ দীর্ঘদিনের অভিযোগ ছিল। বর্তমানে মাদুরো নিউইয়র্কের একটি উচ্চ নিরাপত্তা সম্বলিত কারাগারে বন্দি রয়েছেন।মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি নিকোলাস মাদুরোকে আজ সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার এই গ্রেফতারকে ‘বেআইনি’ ও ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে।ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে এই গ্রেফতার বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। মাদুরো সমর্থকরা ইতিমধ্যে রাজধানী কারাকাসে বিক্ষোভ শুরু করেছেন এবং গঠিত এই কমিশন কতটুকু সফল হবে, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ভূ-রাজনৈতিক বিশ্লেষণ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন