জানুয়ারি ৫, ২০২৬, ০৩:৪০ পিএম
২০২৬ সালের পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর কবে হতে পারে, তার একটি প্রাথমিক পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের জ্যোতির্বিদ্যা গবেষণা কাউন্সিল। বৈজ্ঞানিক ও জ্যোতির্বিদ্যার গণনা অনুযায়ী, পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুয়েট-ই-হিলাল গবেষণা কাউন্সিলের মহাসচিব মুফতি খালিদ ইজাজ জানান, জ্যোতির্বিদ্যার গণনা অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তবে ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন।
ঈদুল ফিতর কবে? শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে মুফতি ইজাজ বলেন, ২০ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। সেই হিসেবে ২১ মার্চ পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে এই পূর্বাভাস দিলেও মুফতি ইজাজ স্পষ্ট করেছেন যে, এটিকে চূড়ান্ত হিসেবে গণ্য করা উচিত নয়।
তিনি উল্লেখ করেন পাকিস্তানের কেন্দ্রীয় ‘রুয়েট-ই-হিলাল কমিটি’ই কেবল চাঁদ দেখার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইসলামি মাস শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়ার সাংবিধানিক ও ধর্মীয় ক্ষমতা রাখে।সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর দক্ষিণ এশিয়ায় চাঁদ দেখা যায়। সেই হিসেবে পাকিস্তান ও বাংলাদেশে প্রায় একই সময়ে রমজান ও ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে সবকিছুই নির্ভর করছে আকাশে চাঁদ দেখার ওপর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন