শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে ‘শান্ত’ থাকার আহ্বান ইইউয়ের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:০৯ পিএম

ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে ‘শান্ত’ থাকার আহ্বান ইইউয়ের

ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের পর সৃষ্ট উত্তজনা নিরসনে সব পক্ষকে ‘শান্ত ও সংযত’ থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরিস্থিতি যেন আরও বড় ধরনের সামরিক সংঘাতের দিকে না মোড় নেয়, সেজন্য আন্তর্জাতিক মহলের প্রতি এই বিশেষ অনুরোধ জানিয়েছে জোটটি।

সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানান ইইউ-এর পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস।

বিবৃতিতে ইইউ প্রতিনিধি কাজা কালাস ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলনই ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকটের সমাধান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। ইউরোপীয় ইউনিয়ন মনে করে, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার তাঁকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে।মাদুরো সমর্থকরা এই ঘটনাকে ‘কাপুরুষোচিত অপহরণ’ হিসেবে অভিহিত করলেও যুক্তরাষ্ট্র একে আইনের শাসন প্রতিষ্ঠা বলে দাবি করছে। এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ইইউ-এর এই সংযত থাকার আহ্বান মধ্যস্থতার এক ক্ষীণ ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।