জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৯ পিএম
মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) কড়া নিরাপত্তায় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে তাঁদের আদালতে নিয়ে আসা হয়।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) মার্কিন জেলা বিচারক অ্যালভিন কে. হেলারস্টেইনের আদালতে মাদুরোর শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক পাচার, যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।
আদালতে হাজির করার আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। তাঁর সঙ্গে একজন নারীও ছিলেন, যাকে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বলে ধারণা করা হচ্ছে। সশস্ত্র পাহারায় তাঁদের আদালত ভবনে নিয়ে যাওয়া হয়।গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক আকস্মিক ও শক্তিশালী সামরিক অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে গ্রেপ্তার করে মার্কিন বিশেষ বাহিনী।
যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরো গত কয়েক দশক ধরে একটি শক্তিশালী মাদকচক্র পরিচালনা করে আসছেন। এই অভিযানে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বর্তমানে এই দম্পতিকে ব্রুকলিনের উচ্চ নিরাপত্তা সম্বলিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। আজকের শুনানির পর বোঝা যাবে মাদুরোর বিচার প্রক্রিয়া কোন দিকে মোড় নিচ্ছে। ভেনেজুয়েলার এই নেতার গ্রেফ্ক্তার ও বিচারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন