শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাপান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১০:০৭ এএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাপান

পশ্চিম জাপানে মঙ্গলবার সকালে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে এই ভূকম্পন অনুভূত হয়।

এটি একটি অগভীর গভীরতার ভূমিকম্প ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৫.৮ হিসেবে রেকর্ড করেছে।

জাপানের শিন্ডো স্কেলে ইয়াসুগি শহরে কম্পনের মাত্রা ছিল ‘উচ্চ পাঁচ’। এই মাত্রার কম্পনে সাধারণত ভারী আসবাবপত্র উল্টে যায় এবং রাস্তায় যানবাহন চালানো কঠিন হয়ে পড়ে। মূল ভূমিকম্পের পরপরই একই এলাকায় ৪.৫ থেকে ৫.৪ মাত্রার অন্তত চারটি শক্তিশালী পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এই বিভ্রাট সরাসরি ভূমিকম্পের কারণে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালক চুগোকু ইলেকট্রিক জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে প্রশাসন। জাপানের সামরিক বাহিনী (সেলফ-ডিফেন্স ফোর্সেস) আকাশপথে হেলিকপ্টার দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ ও জরিপ চালাচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। আজকের এই ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের পরবর্তী পরাঘাতের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।