শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১০:১৪ এএম

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে পরিচালিত সেই শ্বাসরুদ্ধকর অভিযানে ঠিক কতজন মার্কিন সেনা অংশ নিয়েছিলেন, অবশেষে তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, কারাকাসে চালানো সেই অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে প্রায় ২০০ জন মার্কিন কমান্ডো অংশ নেন।

সোমবার (৫ জানুয়ারি) ভার্জিনিয়ার একটি জাহাজ নির্মাণ কারখানায় নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে হেগসেথ এই চাঞ্চল্যকর তথ্য জানান।

তিনি বলেন, তিন রাত আগে আমাদের প্রায় ২০০ জন চৌকস সেনা কারাকাসের কেন্দ্রস্থলে প্রবেশ করে। মার্কিন আইনে অভিযুক্ত ও মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা একজন ব্যক্তিকে (মাদুরো) তাঁরা সফলভাবে আটক করে নিরাপদে নিয়ে এসেছে।

প্রতিরক্ষা সচিব জানান, এই অভিযানে মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত শক্তিশালী এলিট ইউনিট ‘ডেল্টা ফোর্স’ এবং এফবিআই-এর একটি বিশেষ দল যুক্ত ছিল। অত্যাধুনিক ‘নাইট-ভিশন গগলস’ ব্যবহার করে কমান্ডোরা মাদুরোর বাসভবনে এমনভাবে প্রবেশ করেছিলেন যে, আটকের মাত্র ৩ মিনিট আগেও মাদুরো বা তাঁর নিরাপত্তা বাহিনী কিছুই টের পাননি।পিট হেগসেথ দাবি করেন, অভিযানের সময় রাশিয়ার সরবরাহ করা ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে।

ফলে মার্কিন হেলিকপ্টার ও সেনারা কোনো বাধা ছাড়াই কারাকাসে অবতরণ করতে সক্ষম হয়। অভিযানের সময় মাদুরোর স্ত্রী সিলিয়ার বিস্ময়ের কথা উল্লেখ করে হেগসেথ বলেন, বিমানের শব্দ শোনার আগ মুহূর্ত পর্যন্ত তাঁরা জানতেন না যে তাঁদের দোরগোড়ায় মার্কিন বাহিনী পৌঁছে গেছে।এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পেন্টাগন। উল্লেখ্য, আটকের পর মাদুরো ও তাঁর স্ত্রীকে বর্তমানে নিউইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার দায়ে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই অভিযানের মধ্য দিয়ে লাতিন আমেরিকার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব এবং সামরিক সক্ষমতার নতুন বার্তা স্পষ্ট হলো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।