জানুয়ারি ৬, ২০২৬, ১০:৩২ এএম
গাজা উপত্যকায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ গাজায় ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এলাকাটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি সেনারা প্রত্যাহার করে নিয়েছিল। হামলায় নিহতদের মধ্যে একজন কোমলমতি শিশু রয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এ হামলা প্রসঙ্গে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ গাজায় তাদের বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল এমন এক হামাস সদস্যকে লক্ষ্য করেই এই সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে। তবে বাস্তুচ্যুত মানুষের শিবিরে কেন এই হামলা—সে বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দেয়নি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এসব বিচ্ছিন্ন হামলায় এখন পর্যন্ত ৪২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১,১৮৯ জন আহত হয়েছেন।
দীর্ঘ দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর একটি সাময়িক স্বস্তি ফেরাতে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। আগের সেই যুদ্ধে প্রায় ৭১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বর্তমানে গাজা উপত্যকা একটি জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে প্রায় ১ লাখ ৭১ হাজার ২০০ মানুষ পঙ্গুত্ব বা গুরুতর ইনজুরি নিয়ে বেঁচে আছেন। বারবার চুক্তি লঙ্ঘনের ফলে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন