জানুয়ারি ৬, ২০২৬, ১১:১০ এএম
মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হয়ে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে বিচারক অ্যালভিন হেলারস্টাইনের সামনে নিজেকে সম্পূর্ণ ‘নির্দোষ’ বলে দাবি করেন তিনি।
আদালতে শুনানির সময় মাদুরো দাবি করেন, তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন বরং তাঁকে অন্যায়ভাবে ‘অপহরণ’ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।
তাঁর স্ত্রী ও ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসও আদালতে একই সুরে নিজেকে নির্দোষ দাবি করেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা কেউই জামিনের আবেদন করেননি। তবে বিচারক তাঁদের কনস্যুলার সহায়তার অধিকারের কথা জানালে তাঁরা উভয়েই কনস্যুলার সাক্ষাতের আবেদন জানান।
মার্কিন প্রসিকিউটররা মাদুরোর বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ এনেছেন। এর মধ্যে প্রধান হলো—দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্ষমতা ব্যবহার করে একটি ‘মাদক-সন্ত্রাসী’ চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বড় ধরনের কোকেন পাচার করা। যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরো ব্যক্তিগতভাবে এই পাচার কার্যক্রমে সহায়তা করেছেন।গত শনিবার রাতে কারাকাসে এক গোপন মার্কিন অভিযানে মাদুরো দম্পতিকে আটক করা হয়। বর্তমানে তাঁরা ব্রুকলিনের একটি অত্যন্ত সুরক্ষিত ফেডারেল ডিটেনশন সেন্টারে বন্দী রয়েছেন।
আদালত তাঁদের পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অন্য দেশের আদালতে এভাবে বিচারের মুখোমুখি করা আন্তর্জাতিক আইনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যা বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন