শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১১:১৭ এএম

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বুধবার ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের কাছে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

তবে ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস এর মাত্রা ৬.৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে রেকর্ড করেছে।

হঠাৎ এই শক্তিশালী কম্পনে স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফিভোলকস জানিয়েছে, ভূমিকম্পটি তুলনামূলক গভীরে হওয়ায় এবং সাগরের তলদেশে বড় বিচ্যুতি না ঘটায় সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আফটারশক বা পরবর্তী কম্পন হতে পারে বলে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটি প্রাকৃতিকভাবেই অত্যন্ত ভূমিকম্পপ্রবণ।