জানুয়ারি ৭, ২০২৬, ১১:৪৭ এএম
তাইওয়ানে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের তৈরি একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার তাইওয়ানের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব উপকূলীয় হুয়ালিয়েন কাউন্টির অদূরে এই দুর্ঘটনা ঘটে।
হুয়ালিয়েন বিমান ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পরই ফেংবিন টাউনশিপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল পূর্বে বিমানটি রাডারের বাইরে চলে যায় এবং সাগরে আছড়ে পড়ে।
কর্তৃপক্ষ ধারণা করছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
তবে তাকে উদ্ধারে এখনো সাগরজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড এবং উদ্ধারকারী জাহাজগুলো। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। চীনের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে তাইওয়ান তাদের আকাশসীমা রক্ষায় এই এফ-১৬ যুদ্ধবিমানগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
সম্প্রতি তারা যুক্তরাষ্ট্রের সহায়তায় নিজেদের পুরোনো বিমানগুলোর আধুনিকায়নও শুরু করেছে। এই দুর্ঘটনা দেশটির বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন