বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি’, ট্রাম্পকে মোদি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০২:৪১ পিএম

‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি’, ট্রাম্পকে মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে মন্তব্য করেছেন। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করার জন্য রীতিমতো অনুনয় করেছেন।

ট্রাম্পের ভাষ্যমতে নরেন্দ্র মোদি তাঁকে স্যার সম্বোধন করে জানতে চেয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন কি না।

মূলত যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের কারণে ভারতের প্রধানমন্ত্রী তাঁর ওপর খুব একটা সন্তুষ্ট নন বলে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে ভারতকে খুশি করার চেয়ে আমেরিকার স্বার্থই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বক্তব্যে ট্রাম্প বিশ্ববাণিজ্য ও ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ভারতের অবস্থান নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন যে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার ক্রয়াদেশ দিয়েছে এবং এই বিষয়টি এখন বেশ দ্রুত এগোচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে এই হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছিল এবং ট্রাম্প প্রশাসনের অধীনে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তবে একই সঙ্গে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গটিও টেনে আনেন। তিনি দাবি করেন ভারত এখন রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে কারণ মোদি জানতেন যে বিষয়টি নিয়ে ট্রাম্প খুশি নন।

ট্রাম্পের ভাষায় আমাকে খুশি রাখাটা গুরুত্বপূর্ণ কারণ আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি এবং যেকোনো মুহূর্তে আমরা শুল্ক আরও বাড়িয়ে দিতে পারি।শুল্ক নীতির সাফাই গাইতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে ভারত থেকে আসা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসানোর ফলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে আরও ধনী হচ্ছে।

যদিও নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক চমৎকার বলে দাবি করেছেন ট্রাম্প, তবুও তিনি মনে করিয়ে দেন যে জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি কোনো ছাড় দেবেন না। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে মার্কিন শুল্ক নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের মতো উদীয়মান অর্থনীতির ওপর ট্রাম্পের এই চাপ প্রয়োগের কৌশল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ভবিষ্যতে কী প্রভাব ফেলে তা এখন দেখার বিষয়। সূত্র: হিন্দুস্তান টাইমস