জানুয়ারি ৭, ২০২৬, ০৪:০৬ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
মঙ্গলবার রাজধানী নয়াদিল্লির পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সঙ্গে করুন কিন্তু একজন নিরীহ ক্রিকেটারের সঙ্গে নয়।
তিনি প্রশ্ন তোলেন যে একজন খেলোয়াড়ের আসলে দোষটা কোথায় এবং তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো উন্নতি হবে কি না।
ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে ওমর আব্দুল্লাহ বলেন বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের কোনো ক্ষতি করেনি এবং দেশটি কখনোই ভারতে সন্ত্রাসবাদ ছড়ায়নি। তাই খেলার মাঠে রাজনীতি টেনে আনাকে তিনি অযৌক্তিক বলে মনে করেন।ঘটনার প্রেক্ষাপট হিসেবে জানা যায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল।
কিন্তু পরবর্তীতে বিজেপি ও কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারও আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ওমর আব্দুল্লাহ খেলাধুলায় ধর্ম ও রাজনীতি মেশানোর জন্য বিজেপির সমালোচনা করে বলেন যখন সন্তোষ ট্রফিতে মুসলিম খেলোয়াড় বেশি থাকে তখন তাদের আপত্তি থাকে কিন্তু ক্রিকেট দলে কম থাকলে সমস্যা হয় না। তারা খেলাকে খেলার দৃষ্টিতে না দেখে ধর্মের চশমা দিয়ে দেখে বলে মন্তব্য করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন