জানুয়ারি ৭, ২০২৬, ০৮:১৮ পিএম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তানের তৈরি 'জেএফ-১৭ থান্ডার' যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন।
সেখানে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের সিধুর সাথে বৈঠককালে এই আধুনিক যুদ্ধবিমানটি সংগ্রহের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাকিস্তান বিমান বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, জেএফ-১৭ থান্ডার বিক্রির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি সই না হলেও বাংলাদেশ এই বহুমুখী যুদ্ধবিমানটি কিনতে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।
চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি ৪.৫ প্রজন্মের এই ৪টি মাল্টি-রোল যুদ্ধবিমান শক্তিশালী রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত। এর আগে মিয়ানমার, আজারবাইজান ও নাইজেরিয়ার মতো দেশগুলোও পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান সংগ্রহ করেছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এই সফর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়ার একটি প্রয়াস।বৈঠকে যুদ্ধবিমান ছাড়াও প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশকে 'সুপার মুশশাক' প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অ্যাডভান্সড ফ্লাইং থেকে শুরু করে বিশেষায়িত কোর্সসহ সমন্বিত প্রশিক্ষণ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা ও দক্ষতার প্রশংসা করেন এবং পুরনো বিমান মেরামত ও আকাশ নজরদারির জন্য সমন্বিত এয়ার ডিফেন্স রাডার সিস্টেমের বিষয়েও সহযোগিতা চান।
প্রতিনিধি দলটি পাকিস্তান বিমান বাহিনীর সাইবার কমান্ড, ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক এবং ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন্স সেন্টার পরিদর্শন করেন। সেখানে তাদের মনুষ্যবিহীন ড্রোন কার্যক্রম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্পেস আই-এস-আর সক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই সফরকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছে পাকিস্তান, যা দক্ষিণ এশিয়ায় নতুন প্রতিরক্ষা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন