জানুয়ারি ৯, ২০২৬, ১২:০০ পিএম
শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, শাংলা ও বুনেরসহ বেশ কিছু জেলায় এই কম্পন অনুভূত হয়।
পাকিস্তান আবহাওয়া দপ্তরের অধীন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮।
এর উৎপত্তিস্থল ছিল চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের সময় বহুতল ভবনগুলো কেঁপে উঠলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানমালের নিরাপত্তার কথা ভেবে মানুষ দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে এই কম্পনে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই অঞ্চলে গত কয়েকমাস ধরে ঘন ঘন ভূকম্পন রেকর্ড করা হচ্ছে। এর আগে গত ২১ অক্টোবর ৫.৩ মাত্রা এবং তার চারদিন আগে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তান ও আশপাশের এলাকা।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত সেপ্টেম্বরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘন ঘন এই ভূকম্পন বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ কাজ করছে। প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন