জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৫৬ পিএম
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্য এখন ডেনমার্কের অধীনস্থ প্রাকৃতিক সম্পদে ভরপুর দ্বীপ গ্রিনল্যান্ড। তবে ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে যে, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’।
ডেনমার্কের সেনাবাহিনীর ‘রুল অব এনগেজমেন্ট’ অনুযায়ী, ১৯৫২ সাল থেকেই উচ্চপর্যায়ের অনুমতির অপেক্ষা না করে সরাসরি হামলা চালানোর এই নিয়ম কার্যকর রয়েছে।
ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রাধিকার হিসেবে বর্ণনা করে এটি ‘দখলের’ ইঙ্গিত দিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক শক্তি ব্যবহারের বিকল্পটিও ট্রাম্পের বিবেচনায় রয়েছে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এখানে কোনো মার্কিন সামরিক হামলা মানেই হবে ন্যাটো জোটের অবসান ও ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর ধ্বংস।
উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ট্রাম্প মূলত গ্রিনল্যান্ড কিনতে চান, যুদ্ধ করতে চান না। আগামী সপ্তাহে তিনি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে সংলাপে বসবেন। ডেনমার্কও এই সংলাপকে স্বাগত জানালেও তাদের ভূখণ্ড রক্ষায় অনড় অবস্থানে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাই মার্কিন স্বার্থ রক্ষায় ট্রাম্প যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন।
ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী দেশগুলো ট্রাম্পের এই ‘চোখ রাঙানি’র বিরুদ্ধে একজোট হয়েছে। তারা এক যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ট্রাম্পের এই জেদ দীর্ঘদিনের মিত্র ডেনমার্ক এবং পুরো ন্যাটো জোটের ভেতরে বড় ধরনের ফাটল ধরাতে পারে। আর্কটিকের বিশাল খনিজ ও কৌশলগত গুরুত্বের কারণেই গ্রিনল্যান্ড এখন বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রে পরিণত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন