জানুয়ারি ৯, ২০২৬, ০৬:০২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। দেশজুড়ে চলমান সরকারবিরোধী তীব্র বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ তুলে তিনি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে এর জন্য দায়ী করেন।
ইতিহাস টেনে খামেনির সতর্কবার্তা ভাষণে খামেনি ইরানের সাবেক শাসকদের প্রসঙ্গ টেনে ট্রাম্পকে সতর্ক করেন। তিনি বলেন, ট্রাম্পের জানা উচিত যে রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব স্বৈরশাসকরা তাদের অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছিল।
তাকেও (ট্রাম্প) একদিন পতন বরণ করতে হবে। তিনি আরও বলেন, ইরান হাজারো সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে।
ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বা বিদেশি মদদপুষ্ট শক্তির সামনে এই দেশ কখনোই মাথা নত করবে না।বিক্ষোভ নিয়ে আমেরিকার প্রতি অভিযোগ ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ ধরে চলা আন্দোলন প্রসঙ্গে খামেনি বলেন, বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তারা তাকে (ট্রাম্প) সন্তুষ্ট করতে চায়। ট্রাম্পের সমালোচনা করে তিনি আরও বলেন, সে যদি সত্যিই জানত কীভাবে একটি দেশ চালাতে হয়, তাহলে নিজের দেশটাই ঠিকভাবে চালাত। যুক্তরাষ্ট্রের ভেতরেই অসংখ্য সমস্যা রয়েছে।
ইন্টারনেট ব্ল্যাকআউট ও হতাহতের পরিসংখ্যান এদিকে বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা ‘নেটব্লকস’ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি নিশ্চিত করে যে, ব্যাপক বিক্ষোভ দমনের লক্ষ্যে টানা ১২ ঘণ্টা ধরে কার্যত অফলাইনে রয়েছে পুরো ইরান। এমনকি মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’র দাবি, চলমান এই অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া ধরপাকড় অভিযানে প্রায় ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি ভবনে আগুন দেওয়া এবং কাসেম সোলাইমানির ভাস্কর্য ভাঙচুরের মতো ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইরানের যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, “প্রিয় যুবসমাজ, তোমরা প্রস্তুতি ও ঐক্য ধরে রাখো। ঐক্যবদ্ধ একটি জাতি যেকোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন