শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৯:১৩ পিএম

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল ভারত

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান প্রায় একই সময়ে ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়। অন্যদিকে ভারতের গুজরাট রাজ্যে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ছোট-বড় মিলিয়ে ৯ বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গুজরাটের রাজকোট জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা ৪৩ মিনিট থেকে শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিট পর্যন্ত মোট ৯টি ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এগুলো ‘মাইক্রো’ অথবা ‘মাইনর’ শ্রেণিভুক্ত ছিল। কম্পনগুলোর উৎপত্তিস্থল ছিল উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে।

সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূমিকম্প বেশি দেখা যায়। তবে রাজকোটে এভাবে ১২ ঘণ্টার মধ্যে একের পর এক কম্পনের ঘটনাকে বিশেষজ্ঞরা ‘অস্বাভাবিক’ হিসেবে চিহ্নিত করছেন। তবে স্বস্তির খবর হলো, এসব কম্পনে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার ভোরে দেশটিতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে এবং ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের প্রভাব শুধু পাকিস্তানে নয়; তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলে মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। তবে সেখানেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।একই সময়ে দুই প্রতিবেশী দেশে ভূকম্পনের ঘটনায় ভূতাত্ত্বিকরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।