বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

বিক্ষোভ দমনে ‘রেড লাইন’ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৭:৩৮ পিএম

বিক্ষোভ দমনে ‘রেড লাইন’ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

ইরানে চলমান গণবিক্ষোভ দমনে এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা করা তাদের জন্য একটি ‘লাল রেখা (রেড লাইন) যা কোনোভাবেই কাউকে অতিক্রম করতে দেওয়া হবে না। খবর রয়টার্সের।

শনিবার (১০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, গত দুই রাতে ‘সন্ত্রাসী ও দাঙ্গাকারীরা’ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগসহ নিরাপত্তা সদস্যদের হত্যা করেছে।

আইআরজিসির পাশাপাশি ইরানের নিয়মিত সেনাবাহিনীও ঘোষণা দিয়েছে যে, কৌশলগত অবকাঠামো ও জননিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।দুই সপ্তাহ আগে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই আন্দোলন শুরু হলেও বর্তমানে তা রাজনৈতিক রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা এখন ধর্মীয় শাসনের অবসানের দাবি জানাচ্ছেন। তেহরানের নিকটবর্তী কারাজ শহরের পৌর ভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিরাজ, কোম ও হামেদানে নিহত নিরাপত্তা সদস্যদের জানাজার দৃশ্য রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত হয়েছে।মানবাধিকার সংস্থা HRANA-এর তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জন বিক্ষোভকারী এবং ১৫ জন নিরাপত্তা সদস্য।

নরওয়েভিত্তিক সংগঠন ‘হেঙ্গাও’ জানিয়েছে, গত দুই সপ্তাহে ২,৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর-পশ্চিম ইরানের এক চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আসা অনেক বিক্ষোভকারীর শরীরে গুলি ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।ইরানের এই উত্তাল পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। অন্যদিকে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি এক যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের জন্য ইরানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইরানের ধর্মীয় শাসনের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।