বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

ট্রাম্পকে নোবেল দিতে চান মাচাদো; প্রস্তাব নিয়ে যা জানাল নোবেল কমিটি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১১:০৩ পিএম

ট্রাম্পকে নোবেল দিতে চান মাচাদো; প্রস্তাব নিয়ে যা জানাল নোবেল কমিটি

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো নিজের পুরস্কারটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে বা তাকে দিয়ে দিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মাচাদোর এই নজিরবিহীন প্রস্তাবের প্রেক্ষিতে নিজেদের কঠোর অবস্থান পরিষ্কার করেছে নোবেল কমিটি।

শনিবার (১০ জানুয়ারি) নরওয়ের নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ‘ভাগ করা, প্রত্যাহার বা অন্যের কাছে হস্তান্তর করার কোনো আইনি সুযোগ নেই।

 কমিটির পক্ষ থেকে জানানো হয়, একবার পুরস্কারের ঘোষণা হয়ে গেলে সেই সিদ্ধান্ত চিরকালের জন্য বহাল থাকে এবং বিজয়ী চাইলেও তা অন্য কাউকে দিতে পারেন না।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে মাচাদোর যুক্তরাষ্ট্র সফরের সময় এই প্রস্তাব নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করবেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়ার পর দেশটির সাথে ওয়াশিংটনের সম্পর্ক নতুন মোড় নিয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের দাবি তুলেছেন।

ট্রাম্প অতীতেও একাধিকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, “আমি আমার দ্বিতীয় মেয়াদের প্রথম আট মাসেই আটটি বড় যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধ থামানোর জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত ছিল।” ট্রাম্পের দাবি, এমন সব সংঘাত তিনি মিটিয়েছেন যা কেউ কখনো ভাবেনি যে থামানো সম্ভব।বর্তমানে ভেনেজুয়েলায় মাচাদোর পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। তবে আন্তর্জাতিক রাজনীতিতে মাচাদো ও ট্রাম্পের এই সখ্যতা নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।