জানুয়ারি ১১, ২০২৬, ১০:৫৯ এএম
ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে দেশটির তে দাভাও অক্সিডেন্টাল অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিবোলক্স) এই তথ্য নিশ্চিত করেছে।
ফিবোলক্স জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।
ভূমিকম্পটি শক্তিশালী হলেও ফিলিপাইন দ্বীপপুঞ্জে কোনো সুনামির হুমকি নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে দক্ষিণ ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশে প্রবল কম্পন অনুভূত হয়।
এর মধ্যে সারাঙ্গানির মালুঙ্গন ও কিয়াম্বা দক্ষিণ কোটাবাটোর টুপি ও করোনাডাল শহর এবং সুলতান কুদারাতে পালিমবাং উল্লেখযোগ্য।কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সম্ভাব্য আফটারশক (পরবর্তী কম্পন) বা ছোটখাটো ক্ষয়ক্ষতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। এখানে টেকটোনিক প্লেটের অনবরত নড়াচড়ার কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প নিয়মিত ঘটনা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন