শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো? জানালেন ছেলে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১১:৪৪ এএম

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো? জানালেন ছেলে

যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযানে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন। তিনি সেখানে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

শনিবার ভেনেজুয়েলার ক্ষমতাসীন পিএসইউভি (PSUV) পার্টির মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় গুয়েরা তার বাবার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, কারাগার থেকে মাদুরো তাকে আশ্বস্ত করে বলেছেন, “আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় এক অভাবনীয় সামরিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। প্রথমে তাদের যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ‘ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি’র (ডিইএ) সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রধানত আন্তর্জাতিক মাদক চোরাচালান এবং অস্ত্র পাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। মাদুরো অবশ্য বরাবরই এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে আসছেন। বর্তমানে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও মার্কিন বিচার ব্যবস্থায় আইনি প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

এই গ্রেফতারের পর থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক বৈরিতা এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং তেলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।