জানুয়ারি ১১, ২০২৬, ০১:৫১ পিএম
ভেনেজুয়েলার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে এবং দ্রুততম সময়ের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শনিবার (১০ জানুয়ারি) জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই কড়া নির্দেশনা প্রদান করে।
যুক্তরাষ্ট্রের ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর পুরো দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থির। বিশেষ করে ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে।
তাদের মূল লক্ষ্য হচ্ছে কোনো আমেরিকান নাগরিক বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন খুঁজে বের করা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, যেহেতু বর্তমানে আন্তর্জাতিক বিমান চলাচল আবার শুরু হয়েছে, তাই দেরি না করে মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলা ত্যাগ করা উচিত। সড়কে যাতায়াতের সময় এবং বিমানবন্দরের পথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে।
৩ জানুয়ারি মার্কিন অভিযানে মাদুরো আটক ও তাকে নিউইয়র্কের কারাগারে স্থানান্তরের পর থেকেই ভেনেজুয়েলায় মার্কিনবিরোধী মনোভাব তুঙ্গে। সশস্ত্র মিলিশিয়াদের সক্রিয়তা এবং রাজপথে অরাজকতার কারণে সেখানে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা এখন বড় সংকটের মুখে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই ওয়াশিংটন এই ‘এক্সিট’ বা দেশত্যাগের নির্দেশ জারি করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন