জানুয়ারি ১১, ২০২৬, ০৩:১০ পিএম
সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জর্ডান। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক অভিযানের অংশ হিসেবে চলতি সপ্তাহান্তে এই হামলা পরিচালনা করা হয়। রোববার (১১ জানুয়ারি) জর্ডান সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
জর্ডান সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, শনিবার পরিচালিত এই বিমান হামলাগুলো আন্তর্জাতিক জোটের অংশীদারদের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অভিযানে আইএসের বেশ কিছু গুরুত্বপূর্ণ গোপন আস্তানা ও কৌশলগত পয়েন্ট ধ্বংস করা হয়েছে।এই বিশেষ অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সামরিক সক্ষমতা দুর্বল করা।
জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, গোষ্ঠীটি যাতে নতুন করে পুনর্গঠিত হতে না পারে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতেই এই ঝটিকা হামলা চালানো হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে জর্ডান তার সামরিক সহযোগিতা ও অভিযান অব্যাহত রাখবে।
দীর্ঘ বছর ধরে সিরিয়া সীমান্তে আইএসের তৎপরতা বন্ধে জর্ডান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সিরিয়ায় গৃহযুদ্ধ ও অস্থিতিশীলতার সুযোগ নিয়ে আইএস যাতে পুনরায় তাদের প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্যই আন্তর্জাতিক জোট বর্তমানে সিরিয়ার বিভিন্ন প্রান্তে নজরদারি ও হামলা জোরদার করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন