ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৩০ এএম
কানাডার শান্ত গ্রামীণ জনপদ টাম্বলার রিজে (Tumbler Ridge) নেমে এসেছে শোকের ছায়া। ব্রিটিশ কলাম্বিয়া (বিসি) প্রদেশের এই ছোট্ট শহরটিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) নিশ্চিত করেছে যে, এই নারকীয় হত্যাযজ্ঞে সন্দেহভাজন হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, নিহতদের মধ্যে ৯ জনই নিরীহ ভুক্তভোগী এবং ১ জন সন্দেহভাজন নারী শুটার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতরেই এই ভয়াবহ হামলার মূল কেন্দ্রবিন্দু ছিল।
পুলিশ স্কুলের ভেতর থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আতঙ্কের এখানেই শেষ নয়; তদন্তের সময় শহরের একটি আবাসিক বাড়ি থেকেও আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকেও স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি নিজের অস্ত্র দিয়েই আত্মহত্যা করেছেন।আরসিএমপি জানিয়েছে, সন্দেহভাজন ওই শুটার একজন নারী। ঘটনার সময় স্থানীয়দের সতর্ক করতে মোবাইলে জরুরি অ্যালার্ট জারি করা হয়েছিল, যেখানে তাকে ‘বাদামি চুলের ড্রেস পরা নারী’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। চিফ সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, মৃত অবস্থায় পাওয়া ওই নারীই সেই সন্দেহভাজন। তবে কেন তিনি এমন ভয়াবহ হামলা চালালেন, তার কোনো সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি।
হামলায় আহতের সংখ্যাও কম নয়। কেন ফ্লয়েড জানান, প্রায় ২৫ জন ব্যক্তি বিভিন্নভাবে আঘাত পেয়েছেন এবং তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এর মধ্যে গুরুতর বা প্রাণঘাতী আঘাত নিয়ে দুজনকে হেলিকপ্টারে করে দ্রুত বড় হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী নিনা ক্রিগার এই ঘটনাকে ‘ধ্বংসাত্মক’ উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আজকের এই ঘটনা পুরো কমিউনিটি এবং প্রদেশে শোক ও আতঙ্কের ঢেউ ছড়িয়ে দিয়েছে।” পুলিশ বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন