ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৫১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ১৮ মাস পর অনুষ্ঠিত এই ভোটকে শুধু দেশের মানুষই নয় বরং আন্তর্জাতিক অঙ্গন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে যে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর এটিই বাংলাদেশের প্রথম ভোট যেখানে জেন-জি বা নতুন প্রজন্মের ভোটারদের প্রভাব সবথেকে বেশি। বিবিসি আরও উল্লেখ করেছে যে এআই-নির্মিত ভুয়া ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে ভোটারদের মধ্যে এক ধরণের বিভ্রান্তি কাজ করলেও ভোট দেওয়ার ক্ষেত্রে তরুণদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
বার্তা সংস্থা রয়টার্স তাদের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের পোশাক শিল্প এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর এই নির্বাচনের প্রভাব কেমন হতে পারে তার একটি বিশ্লেষণ তুলে ধরেছে।
অন্যদিকে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে বিএনপি নেতা তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রেখেছে এবং একইসঙ্গে রাজনীতিতে দুর্নীতিমুক্ত পরিবেশ ও অর্থনৈতিক স্থবিরতা কাটানোর চ্যালেঞ্জগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এবং কাতারভিত্তিক আল জাজিরা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে নিয়মিত লাইভ আপডেট প্রকাশ করছে। বিশেষ করে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা এবং জামায়াতে ইসলামীর পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো মূলত সীমান্ত সুরক্ষা এবং নির্বাচনের দিন ঘটা বিচ্ছিন্ন সহিংসতার খবরগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী এই নির্বাচনের ফলাফল কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও বড় ধরণের প্রভাব ফেলবে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন