শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:১২ পিএম

যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি

শপথে আসছেন না মোদি

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া গুঞ্জন ও ধোঁয়াশা কাটল। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মোদি সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। ঢাকার নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, 

দিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’ নিয়ে চরম ব্যস্ততার কারণে তিনি এই সফরে আসতে পারছেন না। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে মোদির দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে।

তবে ভারতের প্রধানমন্ত্রী নিজে না আসতে পারলেও দেশটির পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ প্রতিনিধিকে ঢাকায় পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লির প্রতিনিধি হিসেবে এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতেও জয়শঙ্কর ঢাকায় এসেছিলেন।

 ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তারেক রহমানের বিজয়ের পর মোদির অভিনন্দন বার্তার মাধ্যমে সেই বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের এই শপথে উপস্থিত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। 

এছাড়া চীন, তুরস্ক, সৌদি আরব ও মালয়েশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মোদি নিজে না এলেও উচ্চপদস্থ প্রতিনিধির আগমন থমকে যাওয়া ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে। নতুন সরকারের হাত ধরে দিল্লির সাথে ঢাকার সম্পর্ক আরও ‘মসৃণ’ হবে বলে আশা করা হচ্ছে।